Skip to main content

বই সমালোচনা

খোলা আমন্ত্রণ পাঠককে 
 



মা ন স  স র কা র 

সংকলিত গ্রন্হের চমৎকার একটি সুবিধা এই যে একই বইয়ের দুই মলাটে বেশ কয়েকজন লেখক- লেখিকার লেখনি সম্পর্কে পরিচিত হবার সুযোগ মেলে। একটু কম বয়সী লেখক - লেখিকা হলে এই আগ্রহটা আরও বাড়ে। সে প্রজন্ম এই সময়কে কীভাবে মূল্যায়ণ করছে, জানার কৌতূহলেই সে বইয়ের ভিতর ঢুকতে চায় পাঠকমন। এই কৌতূহল থেকেই ঢুকে পড়লাম, মৌলি বণিক সম্পাদিত, সংকলিত গল্পগ্রন্হ " খোলা খাম " এর গল্পগুলিতে। স্হান পেয়েছেন মোট ন' জন লেখক - লেখিকা।  
প্রথমটি পৃথা শ্যামের - ' মধুরেণ সমাপয়েৎ'। দাম্পত্য সম্পর্ক, টানাপোড়েন,  স্বামীর মৃত্যু ও সম্পর্ক কীভাবে আশ্রয় হয়ে ওঠে, তার বয়ান লিখেছেন পৃথা। সন্দীপ ভট্টাচার্যের গল্প, ' ভোরের শিশির বিন্দু '।  আপাত পরিসরে মনে হতে পারে,  জয় - বিদীপ্তা - নন্দিনীর ত্রিকোণ সম্পর্কের গল্প। কিন্তু গল্প শেষ পর্যন্ত পর্যবসিত মাতৃত্বের সর্বজনীনতায়। শিপ্রা  কেন্দ্রীয় চরিত্র তুহিনা সুলতানার, ' যুদ্ধই জীবন ' গল্পে। তার জীবন,  তার দোলাচল ও অবশেষে একটি সম্পর্ক পেড়িয়ে আর একটি সম্পর্কে মিলে যাওয়ায় জীবনকে চলমান করতে পেরেছেন লেখিকা।  ন্যারেশনের আধিক্য একটু বেশি এ গল্পে। প্লটের একটা হালকা মিল পাই পৃথা শ্যামের গল্পের সঙ্গেও। 
মোট ৯ টি অণুগল্প লিখেছেন চম্পা সর্দার। ধাক্কা লাগে, ' ব্যবচ্ছেদ ' ও ' গভীর নিম্নচাপ ' পড়লে। শব - ব্যবচ্ছেদ যে হৃদয় ব্যবচ্ছেদে পৌঁছাতে পারে,  প্রথম গল্পটি তার বর্তমান। উচ্চ রক্তচাপ আসলে দৃশ্যমান,  উপরিতলের মৃত্যু ব্যাখা।  তার অন্তরালে থাকে মনখারাপের ধূসর,  অগম্য স্তর। দুটি গল্পেই চকিত মুহূর্ত তৈরি করে সার্থক অণুগল্পে উত্তরণ ঘটাতে পেরেছেন লেখিকা। 
মৌমিতা গড়াই লিখেছেন দুটি গল্প - ' ক্লোরোফিল ' ও ' উড়না'। দুটি দু' পৃথিবীর গল্প। ক্লোরোফিল গল্পে ও নামকরণে আসে এক ব্যঞ্জনা। সঞ্জয় সরকারের ' হিসেব ' বলার ঢঙে রসস্থ হয়ে ওঠে। পায়েল খাঁড়ার কলম বেশ শক্তিশালী।  গল্পের নামকরণ থেকে বলার ভাষা - তার উপস্থাপন বেশ আধুনিক। প্রতীকী সংযোজনে না বলা কথাই গল্প হয়ে গেছে ' বৃত্তের বাইরে '। অনবদ্য!  সৌমী শাঁখারী মূলত যে কবি,  তা তার গল্পে প্রতিফলিত। ' রজনীগন্ধা ' য় ইন্দ্রানী আর হিমাংশুবাবুর মিলগুলো আরোপিত মনে হলেও প্রেমের পালে রজনীর গন্ধ হাওয়া দেয়। ভাল লাগে, ' আত্মজা' য় বলার ভঙ্গিমা। 
একেবারে আধুনিক ভাষায় উত্তর আধুনিক পৃথিবীর সমস্যাকে নিজের গল্পে টেনে আনেন মৌলি বণিক। ' দেব মহিমা ' আজকের বিপজ্জনক ও অসহায় পৃথিবীর গল্প হয়ে উঠেছে। একই সঙ্গে মৌলি বণিকের সম্পাদনার জন্যও ধন্যবাদ প্রাপ্য। ঝকঝকে তকতকে পরিবেশন। বানান ভুল নেই। সবচেয়ে বড় কথা,  উৎসাহ দিয়েছেন নব প্রজন্মের কলমকে। " খোলা খাম " খোলা থেকেই আমন্ত্রণ জানায় দিলখোলা পাঠককে। 



খোলা খাম 
সহযাত্রী 
সম্পাদনা মৌলি বণিক 
মূল্য -১৮০ টাকা

Comments